ঢাকা, বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ১০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহককে মোট ৩৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রাহকদের করা আবেদনের ভিত্তিতে এসব অর্থ দেওয়া হয়।

এদিন ব্যাংকে নতুন করে ১১ হাজার ৩৮৫টি আবেদন জমা পড়ে। এসব আবেদনে মোট ৩৭৪ কোটি টাকা উত্তোলনের দাবি জানানো হয়েছে।

ব্যাংক সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের কাছ থেকে অর্থ উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়। এরপর ৭ সেপ্টেম্বর থেকে আবেদন যাচাই করে টাকা পরিশোধের কার্যক্রম চালু করা হয়। এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহক তাঁদের আমানতের ৩৯১ কোটি টাকা তুলে নেন।

এর আগে ৭ সেপ্টেম্বর প্রথম দিনে ৮ হাজার ১২৫ জন গ্রাহককে ৩১৯ কোটি টাকা পরিশোধ করা হয়েছিল। ওই দিন ব্যাংকের ক্যাশে ৯৩ কোটি টাকা এবং RTGS, BFTN ও Clearing-এর মাধ্যমে আরও ৫১ কোটি টাকা জমা পড়ে। সব মিলিয়ে ব্যাংকে প্রবাহিত হয় ১৪১ কোটি টাকা। সেদিন মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।

৮ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে ৭ হাজার ২৩৪ জন গ্রাহক ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন। একই দিনে ক্যাশে ৯০ কোটি এবং BFTN, RTGS ও Clearing-এর মাধ্যমে ১০৫ কোটি টাকা ব্যাংকে আসে। অর্থাৎ মোট অর্থপ্রবাহ ছিল ১৯৫ কোটি টাকা। এদিন লেনদেনের সংখ্যা ছিল ১৬ হাজার ৫০টি। ৯ সেপ্টেম্বর তৃতীয় দিনে ১০ হাজার ৬৯৭ জন গ্রাহককে ৩৮১ কোটি টাকা পরিশোধ করা হয়।

ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর মোট ১৮ হাজার ৪৬ জন গ্রাহক ১ হাজার ৩২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন। পরদিন ১৯ হাজার ৬১৩টি আবেদনে চাওয়া হয় ১ হাজার ১৬ কোটি টাকা। ৩ সেপ্টেম্বর ২১ হাজার ৮৬ জন গ্রাহক মোট ৯৬৩ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন।

অন্যদিকে, গ্রাহকদের অর্থ ফেরতের পাশাপাশি ব্যাংকে নতুন করে অর্থের প্রবাহও অব্যাহত রয়েছে। ব্যক্তিগত হিসাবগুলোতে নিয়মিত লেনদেন চলছে এবং ভবিষ্যতেও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবেদুর রহমান শিকদার বলেন, গ্রাহকদের আবেদনের ভিত্তিতে অর্থ পরিশোধের কার্যক্রম নিয়মিতভাবে চলছে। প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক তাঁদের অর্থ উত্তোলন করছেন। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ এবং স্বাভাবিক লেনদেনও অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখা হবে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি