মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করার আশঙ্কা, সামরিক ডিভাইসে বিজ্ঞাপন ট্র্যাকার বন্ধ
প্রকাশিত : ১৮:১২, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪০, ৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করে তাঁদের লক্ষ্যবস্তু করার আশঙ্কায় সামরিক বাহিনীর বিভিন্ন ফোন ও কম্পিউটারে বিজ্ঞাপন-সংক্রান্ত শনাক্তকারী (অ্যাডভার্টাইজিং আইডি) নিষ্ক্রিয় করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ) ওয়াশিংটন মার্কিন সিনেটর রন ওয়াইডেনের প্রকাশিত চিঠি এবং রয়টার্সকে দেওয়া বিভিন্ন সামরিক কর্মকর্তার বক্তব্যে এ তথ্য জানা গেছে।
বাণিজ্যিকভাবে কেনাবেচা হওয়া লোকেশন ডেটা ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের গতিবিধি শনাক্ত করা সম্ভব—এমন উদ্বেগের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, প্রায় দুই মাস আগে তারা কম্পিউটার ও মোবাইল ফোন থেকে অ্যাডভার্টাইজিং আইডি নিষ্ক্রিয় করেছে। স্পেশাল অপারেশনস কমান্ডও সম্প্রতি তাদের উইন্ডোজচালিত ডিভাইসগুলোতে এসব শনাক্তকারী বন্ধ করেছে। আর সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই মোবাইল ডিভাইসের সঙ্গে যুক্ত বিজ্ঞাপন আইডি নিষ্ক্রিয় রাখা হয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, উইন্ডোজ কম্পিউটারে অ্যাডভার্টাইজিং আইডি ২০২১ সালের আগেই ব্লক করা হয়েছিল। অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মোবাইল ডিভাইসে এগুলো অন্তত ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে ডিফল্টভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
বিজ্ঞাপন শিল্পের প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ লোকেশন ডেটা সংগ্রহ করে। পরে এসব তথ্য ডেটা ব্রোকারদের মাধ্যমে কেনাবেচা হয়। ফলে কোনো ব্যক্তির মোবাইল ফোনের অবস্থান ও চলাচলের ধরন সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, এই ধরনের বাণিজ্যিক ডেটা ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে মোতায়েন সেনাদের অবস্থান শনাক্ত করা বা তাঁদের নির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করা সম্ভব হতে পারে।
ওরেগনের ডেমোক্রেটিক সিনেটর রন ওয়াইডেন বেশ কয়েক মাস ধরে এ বিষয়ে পেন্টাগনের ওপর চাপ দিয়ে আসছেন। শুক্রবার তিনি ও নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান পেন্টাগনের কাছে পাঠানো এক চিঠিতে লোকেশন ডেটা বাণিজ্যের ঝুঁকি মোকাবিলায় সামরিক বাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে কি না, তা তদন্তের আহ্বান জানান।
ওয়াইডেন বলেন, সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপগুলো এই হুমকি পুরোপুরি বন্ধ করতে কার্যকর হয়নি। হ্যারিগান বলেন, মার্কিন শত্রুদের অর্থ খরচ করে এমন তথ্য কেনার সুযোগ থাকা উচিত নয়, যা দিয়ে তারা মার্কিন সেনাদের গতিবিধি অনুসরণ করতে পারে।
মোবাইল ডিভাইস থেকে তৈরি লোকেশন ডেটার ঝুঁকি কমানোর উদ্যোগটি এমন সময়ে নেওয়া হলো, যখন মার্কিন সামরিক বাহিনী সেনাদের ফোন ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপের কথা ভাবছে।
গত জুলাইয়ে রয়টার্স জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে মোতায়েন কিছু মার্কিন সেনাকে তাঁদের ফোন জমা দিতে বলা হতে পারে। ইন্টারনেটে প্রকাশ করা মোবাইল ভিডিওর মাধ্যমে মার্কিন ঘাঁটির অবস্থান বা সেনাদের কার্যক্রম সম্পর্কে তথ্য ইরানের হাতে চলে যাওয়ার আশঙ্কা থেকেই এমন উদ্যোগের কথা ভাবা হচ্ছে। তবে শুধু অ্যাডভার্টাইজিং আইডি বন্ধ করলেই সেনাদের অবস্থান পুরোপুরি গোপন রাখা সম্ভব নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
প্রাইভেসি প্রযুক্তি প্রতিষ্ঠান ডিক্রিপটঅ্যাডসের সহপ্রতিষ্ঠাতা জ্যাক এডওয়ার্ডস বলেন, সামরিক ডিভাইসে মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি বা MAID নিষ্ক্রিয় করা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি হওয়া বিপুল পরিমাণ ডেটার মধ্যে সামরিক সদস্যদের অবস্থানসংক্রান্ত তথ্য থাকার ঝুঁকি কমবে।
তবে তাঁর মতে, অ্যাপের মাধ্যমে সেনাদের শনাক্ত করার আরও জটিল উপায় থাকতে পারে। ডিভাইসের প্রযুক্তিগত তথ্যের সঙ্গে নেটওয়ার্ক ও লোকেশন ডেটা মিলিয়েও ব্যবহারকারীর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। মার্কিন বিমানবাহিনী ও স্পেশাল অপারেশনস কমান্ড এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। পেন্টাগন জানিয়েছে, তারা আইনপ্রণেতাদের কাছে সরাসরি এ বিষয়ে জবাব দেবে।
সত্র: রয়টার্স/এমএইচ
আরও পড়ুন










