ঢাকা, বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

‎ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২১, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:২৪, ১৩ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার মাসকান্দা পাসপোর্ট অফিসের সাসনে এ ঘটনা ঘটে। 
নিহত মো. রাব্বী (২৭) বেসরকারি পলিটেকনিক কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের দোকান চালাতেন। সে মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। 

পুলিশ বলছেন, জমিজমার বিরোধে তাকে হত্যা করা হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিল, এসময় কয়েকজন হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। রাব্বী দৌড়ে দোকানের ভেতর আশ্রয় নিলে হামলাকারীরা দোকানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, জমিজমার বিরোধ নিয়ে রাব্বিকে হত্যা করা হয়েছে। তার প্রতিবেশী সাব্বিরের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। হত্যাকাণ্ডে সাব্বির ও তার ভাই জড়িত। 

দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি