ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

লাখ টাকার ফলন, জীবন বদলের স্বপ্ন দেখছেন শার্শার কুলচাষীরা

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৪, ১৯ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

যশোরের শার্শা উপজেলা জুড়েই কুলচাষ হলেও সবচেয়ে বেশি চোখে পড়ে বেনাপোল, বাগআঁচড়া, উলাশি, শার্শা ও কায়বা ইউনিয়নে। উপজেলার বেনাপোল, কাগজপুকুর, উলাশি, নাভারন, হাড়িখালি, বাগআঁচড়া ও বেলতলা বাজারে চলে মৌসুমী কুলের বেচাকেনা। এখানে আছে অনেকগুলো কুলের আড়ত। ওইসব আড়ত থেকে প্রতিদিন অন্তত দুই ট্রাক কুল ঢাকা ও বরিশালের ফল বাজারে যায় বলে সংশ্লিষ্টরা জানান।

কুল চাষ করে ভাগ্য বদলে ফেলেছেন যশোরের শার্শা উপজেলার পাঁচ শতাধিক নারী-পুরুষ। সরকারি ভাবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ও বিদেশে কুল রপ্তানির উদ্যোগ গ্রহন করলে অধিক লাভবান হবেন বলে মনে করেন কুল চাষিরা।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবন করা আপেল কুল, বাউকুল, ঢাকা-৯০, নারিকেল কুল, নাসিম টক কুল, থাইকুল, বলসুন্দরি কুল, সিডলেস কুল, কাশ্মিরী জাতের কুলসহ কয়েকটি জাতের চাষ করেন তারা। মাত্র চার মাসে লাখ টাকার ফলন দেখে জীবন বদলের স্বপ্ন দেখছেন।

শার্শার বাগআঁচড়া মাঠ পাড়া গ্রামের ইউনুস আলি (৪৫) কুলচাষ করেই জীবন-জীবিকার অভাবনীয় উন্নয়ন ঘটিয়েছেন, যা অন্যদের অনুপ্রাণিত করে। অল্প পুঁজি নিয়ে শুরু করে ইউনুস আলি অনেক কিছু করেছেন। একটি কুলবাগান থেকে করেছেন তিনটি। ওই গ্রামের মাঠে ইউনুসের কুল বাগান। গোটা বাগানজুড়ে নাসিম টক কুল, থাইকুল, ঢাকা-৯০ কুল, বলসুন্দরি কুল, কাশ্মিরী কুল, আপেলকুল ও নারকেলকুল ধরে আছে। ফলের ভারে স্বল্প উচ্চতার গাছগুলো নুইয়ে পড়ছে। নাসিম টককুলের বেচাবিক্রি শেষ। নারকেলকুল, বলসুন্দরি ও থাইকুল পুরোপুরি পুষ্ট হয়ে গেছে, আকারও বেশ বড়। আপেল কুল এখনও পুরোপুরি পুষ্ট হয়নি। সেগুলোর বর্ণ অনেকটা বাদামি ও খয়েরি রঙের মিশ্রণ।

ইউনুস জানান, পুষ্ট হলে এগুলো সাদা হয়ে যাবে। আর ঢাকা-৯০ কুল তীব্র শীতের কারণে এখনও অপুষ্ট রয়ে গেছে। এ বছর ১১ বিঘা জমিতে কুল চাষ করেছেন। বর্তমানে তার বাগান রয়েছে তিনটি। বিগত ১০ বছর তিনি সফলভাবেই কুলের চাষ করে আসছেন। ভালো ফলনের জন্য নিয়মিত সেচ ও সার দিতে হয়। বাগান নিয়মিত পরিচর্যার জন্য ৫/৬ জন লোক রাখার পাশাপাশি ব্যাপক শ্রম দিতে হয়। বিঘা প্রতি সব মিলিয়ে খরচ পড়ে প্রায় ২৫/৩০ হাজার টাকা। আর ফলন পাওয়া যায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা। এ বছর তার ১১ বিঘা জমিতে খরচ হয়েছে তিন লাখ টাকার কিছু বেশি। প্রথম বছর খরচ একটু বেশি। দ্বিতীয় বছর থেকে খরচ অর্ধেকে নেমে আসবে। মৌসুম শেষে তিনি বিক্রি করে পাবেন ১১ লাখ টাকা। ৮/৯ লাখ টাকা তিনি লভ্যাংশ পাবেন বলে আশা করছেন। এ মৌসুমে ইতোমধ্যে ঢাকা ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলার ফলের আড়তে ট্রাকযোগে কুল পাঠানো শুরু করেছেন বলে জানান তিনি।

ইউনুস আলি বলেন, কুল একটি লাভজনক ফসল। এক সঙ্গেই সব কুল পাঁকা শুরু হয়। এই পাঁকা কুল সংরক্ষণের কোন ব্যবস্থা নেই তাই বাধ্য হয়েই কম দামেই বিক্রি করতে হয়। আমের মতো কুল যদি বিদেশে রপ্তানি করা যায় তবে সবাই লাভবান হবে। এব্যাপারে সরকারকেই উদ্যোগ নিতে হবে।
ইউনুসের কুলবাগানে কথা হয় ওই বাগানের শ্রমিক মনির হোসেন, মাসুম বিল্লাহ ও সাগর হোসেনের সাথে।

মনির হোসেন বলেন, মাসে ১০ হাজার টাকা বেতনে কাজ করি। এই ফলের বাগানে কাজ করতি আমার বেশ ভালোই লাগে। মাস শেষে যে বেতন পায় তা দিয়ে আমার সংসার বেশ ভালোভাবেই চলে। আমি আমার ছেলেমেয়েদের লেখাপড়া শিখাচ্ছি। আমারও ইচ্ছে আছে ভবিষ্যতে এমন সুন্দর একটা ফলের বাগান করার। সামটার খোরশেদ আলম, কাশিয়াডাঙ্গা গ্রামের রেক্সনা খাতুন, সামটার শাহাজান আলি, শ্যামলাগাছির মনি বেগম, গাতিপাড়ার আহসান হাবিব, গোগার সহিদুল ইসলাম, গাতিপাড়ার সফিউদ্দিনও সফল কুলচাষি।

দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লটের মাধ্যমে সামটার শাহাজান আলি দেড় বিঘা জমিতে কুল চাষ করেছেন। নিজের জমি নিজেই দেখভাল করেন। অন্যান্য ফসল চাষ করে চার জনের সংসার চালানো কঠিন। তাই বিকল্প হিসেবে গতবছর এই কুলের চাষ শুরু করেছেন। কুল চাষ করে তাদের সংসারে শান্তি ফিরেছে। তিনি এ পর্যন্ত ৯০ হাজার টাকার কুল বিক্রি করেছেন। আরও ৪০/৫০ হাজার টাকার কুল বিক্রির আশা করছেন। এ বছর তার খরচ হয়েছে ৩৫ হাজার টাকা। আগামী ১০ বছর আর বড় কোনো খরচ নেই বাগানে। এখন বছর বছর শুধু টাকা আসবে। তাই তার এখন শুধু স্বপ্ন দেখার 

উলাশির কাঠুরিয়া মাঠে কথা হয় কুলচাষি খোরশেদ আলম, আব্দুল জব্বার ও আব্দুল আহাদের সঙ্গে। খোরশেদ আলম বলেন, “এই মাঠে এবছর নতুন করে ৮ বিঘা জমিতে কুল গাছ লাগাইছি। একদিন বাদে ৪'শ কেজি করে কুল পাচ্ছি। প্রতিকেজি কুল বিক্রি করছি ৩৫/৫০ টাকায়।” প্রতি বিঘায় এক লাখ টাকার কুল বিক্রি করার আশা করছেন তিনি।

শার্শার নাভারন-সাতক্ষীরা সড়কের হাড়িখালি মোড়ে রয়েছে তার ‘বিসমিল্লাহ ফলভান্ডার’। ৪৫ জন কুলচাষি তার মাধ্যমে ঢাকা ও বরিশালে ফল পাঠান। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, শার্শায় এবার পাঁচ শতাধিক চাষি অন্তত দেড় হাজার বিঘা জমিতে কুলচাষ করেছেন। চাষীদেরকে কৃষিবিভাগ থেকে বিভিন্ন পরামর্শ ও সহায়তা করে আসছে। তবে, ব্যক্তিগত উদ্যোগেও অনেকে কুল চাষ করেছেন। চার মাসে ফসল ঘরে ওঠে।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি