ঢাকা, সোমবার   ২৭ জুলাই ২০২৬

স্বামী পানিতে ডুবে যাচ্ছে দেখে স্ত্রী দেন ঝাঁপ, একসঙ্গে নব দম্পত্তির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:১১, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ২২:১৬, ২৬ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

মাত্র ৭ মাস হলো বিয়ে করেছেন নূর ইসলাম। স্ত্রী সুমাইয়াকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছেন। তাদের হাতে মেহেদীর রঙ জ্বল-জ্বল করছে। ভয়াবহ নির্মম বাস্তবতায় পানিতে ডুবে তারা একসঙ্গে প্রাণ হারালেন।

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের পাশে খালে ডুবে যান নূর ইসলাম। স্বামীকে বাঁচাতে নিজের জীবনের মায়া ত্যাগ করে গভীর খালের পানিতে ঝাঁপ দেন সুমাইয়া।

নিহত নূর ইসলামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে। বয়স ২২ বছর। ১৮ বছর বয়সী সুমইয়ার আক্তার বদলগাছী উপজেলার কার্তিকাহার  গ্রামের শাহিনের মেয়ে।

তাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার (২৬ জুলাই) দুপুরে কার্তিকাহার গ্রামের পাশে একটি খালে গোসল করার জন্য প্রথমে পানিতে ঝাঁপ দেয় নুর ইসলাম। এরপর স্বামীকে দেখতে না পেয়ে স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেন। এরপর দুজনেই পানির নিচে তলিয়ে যান। 

কিছু পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদেরকে পানি থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক নূর ইসলাম ও সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহগুলো হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনী প্রক্রিয়া নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি