ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬

একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৫৭, ৯ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

আবাসন খাত, আইন, নিরাপদ বিনিয়োগ এবং রিয়েল এস্টেট শিল্পের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে বিশেষ পডকাস্ট অনুষ্ঠান ‘আইন ও আবাসন’ শুরু করছে একুশে টেলিভিশন। অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রিহ্যাবের পরিচালক এবং রিহ্যাব প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম। 

পডকাস্টে তাসনোভা মাহবুব সালাম তার শৈশব, শিক্ষাজীবন, উদ্যোক্তা হয়ে ওঠার গল্প এবং নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি একজন নারী উদ্যোক্তা হিসেবে পথচলার নানা চ্যালেঞ্জ ও সাফল্যের কথাও জানাবেন তিনি।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশজুড়ে উঠে আসবে বাংলাদেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, ফ্ল্যাটের মূল্য বৃদ্ধি, নির্মাণ ব্যয়, উচ্চ সুদের ব্যাংক ঋণ, কর কাঠামো, দীর্ঘমেয়াদি হাউজিং ফাইন্যান্স এবং সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা। 

এছাড়া প্রথমবার ফ্ল্যাট কিনতে আগ্রহীদের জন্য প্রয়োজনীয় আইনি ও কারিগরি পরামর্শ, বিশ্বস্ত ডেভেলপার নির্বাচন, নিরাপদ বিনিয়োগের কৌশল এবং আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রিহ্যাবের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

এছাড়া রিহ্যাব নির্বাচনে অংশ নেওয়ার পেছনের প্রেরণা, পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে তার অগ্রাধিকার, পরিকল্পিত নগরায়ন, পরিবেশবান্ধব নির্মাণ, স্মার্ট হাউজিং এবং আগামী দশ বছরে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতকে কোথায় দেখতে চান, সে বিষয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন তাসনোভা মাহবুব সালাম।

একুশে টেলিভিশনের এই নতুন আয়োজন আবাসন খাত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ বিনিয়োগে উৎসাহ এবং নীতিনির্ধারণী আলোচনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি