ঢাকা, শনিবার   ০১ আগস্ট ২০২৬

নেত্রকোনায় শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ২৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:১৭, ২৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সংসদে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল-২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে এই বিল পাস করা হয়। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব করেন।

বিল অনুযায়ী নেত্রকোণা জেলায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধান করা হয়। এ বিশ্ববিদ্যালয়ে যে কোনো জাতি, বর্ণ, লিঙ্গ, গোত্র ও শ্রেণির জন্য শিক্ষা উন্মুক্ত রাখার বিধান করা হয়।

উক্ত বিলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সমন্বয়ে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠার বিধান রাখা হয়।

বিলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, শিক্ষাদান, মঞ্জুরী কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রার নিয়োগ, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অনুষদ, পাঠ্যক্রম কমিটি, অর্থ কমিটি, পরিকল্পনা উন্নয়ন কমিটি, সিলেকশন কমিটি এবং সংবিধিবদ্ধ অন্যান্য কমিটি গঠনের বিধান রাখা হয়।

জাতীয় পার্টির বেগম রওশন আরা মান্নান, ফখরুল ইমাম ও নূরুল ইসলাম মিলন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ৩টি সংশোধনী গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

সূত্র: বাসস

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি