ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

মেসিদের খেলা দেখতে স্টেডিয়ামে শাকিরা, ভক্তদের উচ্ছ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৯, ২৩ জুন ২০২৬ | আপডেট: ০২:২৯, ২৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে দুই ছেলে মিলান ও সাশাকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে আসেন তিনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে শাকিরার উপস্থিতি প্রদর্শিত হলে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এ সময় হাজারো ফুটবলপ্রেমী করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানান। ম্যাচ চলাকালে একাধিকবার তাকে বড় পর্দায় দেখানো হয়।

বিশ্বকাপে শাকিরার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়। এক্স (সাবেক টুইটার), ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার স্টেডিয়ামে উপস্থিতির ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

বিশ্বকাপ ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ থেকে শুরু করে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জনপ্রিয় থিম সং ‘ওয়াকা ওয়াকা’র মাধ্যমে তিনি বিশ্বব্যাপী আলোচনায় আসেন। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও ছিলেন অন্যতম আকর্ষণ।

এর আগে মেক্সিকো সিটিতে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে অফিশিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন শাকিরা। 

উল্লেখ্য, শাকিরার উপস্থিতির ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক লিওনেল মেসি।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি