‘সার্কেল’ নামে নতুন যাত্রা শুরু এয়ারটেলের
প্রকাশিত : ১৭:৪৬, ১৭ আগস্ট ২০২৬
এখন থেকে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের মোবাইল অপারেটর এয়ারটেল। নাম পাল্টালেও মোবাইল নাম্বার, প্যাকেজ, ব্যালান্স, সার্ভিস বা মোবাইল ব্যাংকিং সেবার ধরন একই থাকবে।
সোমবার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়েছে। এয়ারটেলের ১৬ বছরের যাত্রার ধারাবাহিকতায় নতুন এই ব্র্যান্ডের আত্মপ্রকাশ হলো।
এয়ারটেলের মূল প্রতিষ্ঠান রবি অজিহাটা জানিয়েছে, এখন যারা এয়ারটেল ব্যবহার করছেন, তারা সবাই স্বয়ংক্রিয়ভাবেই সার্কেলের গ্রাহক হয়ে যাবেন।
রবি বলছে, এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক অবস্থানকে ভিত্তি করে তৈরি হয়েছে সার্কেল। পরিবর্তিত ডিজিটাল বাস্তবতা ও তরুণদের ক্রমবর্ধমান অনলাইননির্ভর জীবনযাত্রার কথা বিবেচনায় নিয়ে নতুন ব্র্যান্ডে যুক্ত করা হয়েছে উন্নত ডিজিটাল সক্ষমতা, প্রযুক্তিনির্ভর সেবা ও ভবিষ্যৎমুখী নানা উদ্যোগ। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তির ব্যবহারেও গুরুত্ব দেওয়া হবে।
সার্কেলের মূল ভাবনা হলো বাস্তব ও অর্থবহ সংযোগ। মানুষকে তাঁদের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রেখে অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করাই নতুন ব্র্যান্ডটির লক্ষ্য।
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন হবে না।
তিনি বলেন, সংযোগের ক্ষেত্রে এখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই মূল বিষয় নয়; বরং বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ। সার্কেল এয়ারটেলের সেই যাত্রার পরবর্তী বিবর্তন।
উল্লেখ্য, এয়ারটেল আলাদা মোবাইল অপারেটর হিসাবে যাত্রা করলেও ২০১৬ সালে রবি অজিয়াটার সাথে এক হয়ে যায়।
এএইচ
আরও পড়ুন










