ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬

দাম কমলো এলপি গ্যাসের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৯, ২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে বিইআরসি। 

সংস্থাটি জানিয়েছে, নতুন দাম বুধবার সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দাম বহাল থাকবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

নতুন মূল্য অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৭২৭ টাকা। সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। 

একইভাবে ১৮ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৯০৭ টাকা করা হয়েছে। ২৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩০৩ টাকা।

এ ছাড়া ৩০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজির সিলিন্ডার ৪ হাজার ৬২৪ টাকায় বিক্রি হবে। আর ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।

একইসঙ্গে, ভোক্তাপর্যায়ের অটোগ্যাসের মুসকসহ মূল্য প্রতি লিটার ৭৩ দশমিক শূন্য ৯ টাকায় সমন্বয় করার তথ্য জানিয়েছে বিইআরসি।

গত মাসে ১২ কেজির এলপিজি গ্যাসের দাম ছিল এক হাজার ৫৯৮ টাকা।

বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ব্যয় এবং সংশ্লিষ্ট অন্যান্য খরচের ওপর ভিত্তি করে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দামের ওঠানামা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে এর মূল্য নির্ধারণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি