ঢাকা, সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু, খুশি গ্রাহকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের আমানতের টাকা বিতরণ শুরু হয়েছে। সকাল থেকে ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের ভিড় দেখা গেছে। দীর্ঘ দিন পর আমানতের টাকা পেয়ে খুশি গ্রাহকরা। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষও গ্রাহকদের টাকা দিতে পেরে আনন্দিত।

সোমবার (০৭) সকাল থেকেই টাকা তুলতে পারছেন আমানতধারীরা। ১ সেপ্টেম্বর যারা আবেদন করেছিলেন তাদেরকে আজ টাকা দেওয়া হচ্ছে।

টাকা তুলতে আসা এক গ্রাহক জানান, তিনি টাকা তোলার জন্য ১ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দিয়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে আজ টাকা তোলা যাবে, তবে একটু সময় লাগতে পারে। এতে আমি খুশি।

ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এক লেনদেন হচ্ছে, গ্রাহকদের টাকা দিতে পারছি। এতে আমার কাছে প্রফুল্ল লাগছে। ব্যাংক প্রাণ ফিরে পেয়েছে।

সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ থেকে টাকা তুলতে এখন পর্যন্ত ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছে। 

ব্যাংক সূত্রে জানা গেছে, ৭৪ হাজার ২২১টি আবেদনপত্রে মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে। তবে নতুন ব্যাংকটি গঠনের পর আমানতকারীদের টাকা তুলে নেওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, বাস্তবে আবেদন ও দাবিকৃত অর্থের পরিমাণ তার তুলনায় অনেক কম।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আমানত উত্তোলনের আবেদন তুলনামূলক কম হওয়া নবগঠিত ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের ইঙ্গিত দিচ্ছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবেদুর রহমান সিকদার বলেন, তুলনামূলক কমসংখ্যক আমানতকারীর টাকা উত্তোলনের আবেদন ব্যাংকের প্রতি তাদের আস্থার বিষয়টি তুলে ধরেছে। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংকটির সক্ষমতার ওপর তাদের আস্থাও এতে প্রতিফলিত হয়েছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ১৮ হাজার ৪৬টি আবেদনের বিপরীতে ১ হাজার ৩২৯ কোটি, দ্বিতীয় দিনে ১৯ হাজার ৬১৩টি আবেদনের বিপরীতে ১ হাজার ১৬ কোটি, এরপর যথাক্রমে ২১ হাজার ৮৬টি আবেদনের বিপরীতে ৯২৩ কোটি এবং ১৫ হাজার ৪৭৬টি আবেদনের বিপরীতে ৬৫৭ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে।

মো. আবেদুর রহমান সিকদার বলেন, যেসব আমানতকারী তাদের অর্থ ব্যাংকে রেখে দেবেন, তারা তাদের নিজ নিজ চুক্তিতে নির্ধারিত হারে মুনাফা পাবেন।

তিনি বলেন, ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হলে প্রচলিত নিয়ম ও বিদ্যমান বিধিবিধান অনুযায়ী আমানতকারীরা মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলন করতে পারবেন।

এর আগে, গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগ আমানতকারীদের অর্থ উত্তোলন সংক্রান্ত নির্দেশনা জারি করে।

নির্দেশনায় জানানো হয়, ব্যাংকের আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী এবং বিভিন্ন মেয়াদি হিসাব (যেমন-এমটিডিআর ও ডিপিএস) থেকে গ্রাহকেরা তাঁদের জমানো মূল টাকা তুলে নিতে পারবেন। 

তবে যেসব গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তাঁরা চুক্তি অনুযায়ী পূর্বনির্ধারিত হারে যথারীতি মুনাফা পেতে থাকবেন। পরবর্তী সময়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম পূর্ণমাত্রায় চালু হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ মিলবে।

সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক গত ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত হিসাবধারীদের মূল আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করে। রোববার ছিল আবেদন গ্রহণের শেষ দিন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি