ঢাকা, বুধবার   ১২ আগস্ট ২০২৬

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে 'সমকামিতার' অভিযোগ ওঠার পর তাদের আবাসিক হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তারা ওই দুই শিক্ষার্থীর সিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তাঁদের হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়।

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ গতকাল রাতে বিষয়টি জানিয়ে তাঁর ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা)’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হল থেকে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাঁদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আরও কী পদক্ষেপ নেওয়া যায় সেটি এখন পর্যালোচনা করছে বলেও জানা গেছে। যদিও বিশ্ববিদ্যালয় বিধিমালায় এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু নেই বলে কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে আরও দুটি হলে দুজন অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ব্যাপকভাবে আলোচনায় এসেছিল। এর মধ্যে একটি হলে একজন শিক্ষার্থী সমকামিতার জন্য বহিরাগত এনেছেন- এমন অভিযোগ ওঠে।

আর অন্য ঘটনায় হল ছাত্র সংসদের একজন নেতা ও একজন শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ ওঠেছিল। পরে হল প্রশাসন হল সংসদ নেতার সিট সাময়িক বাতিল করেছিল। যদিও তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি