ঢাকা, মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্কুলে ভর্তি পরীক্ষা কবে, কোন শ্রেণিতে কত নম্বর জানাল মাউশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার প্রস্তুতি চলছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) খসড়া নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য ৫০ নম্বর এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হতে পারে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মাউশির কর্মকর্তারা এসব তথ্য জানান।

 মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসনের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

খসড়া নীতিমালা অনুযায়ী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।

বাংলায় থাকবে ১৫ নম্বর, ইংরেজিতে থাকবে ১৫ নম্বর, গণিতে থাকবে ২০ নম্বর, অর্থাৎ তিনটি বিষয়ের ওপর মোট ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে দুই ঘণ্টা।

এ ক্ষেত্রে বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হবে, বাংলা—৩০ নম্বর, ইংরেজি—৩০ নম্বর, গণিত—৪০ নম্বর। ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। মাউশি পরীক্ষার সম্ভাব্য সময় উল্লেখ করে একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। প্রাথমিকভাবে ১৭ ডিসেম্বরের পর যেকোনো দিন ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ ও ভর্তি নীতিমালা অনুমোদনের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নেবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, অধিদপ্তরের পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ভর্তি নীতিমালা জারি করা হবে।

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। টানা কয়েক বছর এই পদ্ধতিতেই শিক্ষার্থী ভর্তি করা হয়।

তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের মধ্যে নানা মতামত ও সমালোচনা তৈরি হলেও প্রথম শ্রেণির ক্ষেত্রে লটারি পদ্ধতি রাখার সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয় অনড় রয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ভর্তি নীতিমালা তৈরিসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মাউশি ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রশাসন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি