ঢাকা, বৃহস্পতিবার   ২০ আগস্ট ২০২৬

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ মৃত্যু: ইজারাদার আবু জাফর গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪২, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৪৭, ২০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেল ‘শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহতের ঘটনায় হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। 

বুধবার (১৯ আগস্ট) রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে হোটেলের মূল মালিক বীরেশ্বর মিত্র এখনো পলাতক রয়েছেন।

ইজারাদার ছাড়াও এই ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন পার্শ্ববর্তী হোটেল ‘যাপন’-এর কর্মী বলে জানা গেছে।

মঙ্গলবার গভীর রাতে আগুনের সূত্রপাত হলে ঘুমন্ত অতিথিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন ও গলির প্রবেশপথ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় হুড়োহুড়ির সৃষ্টি হয়। বাইরে থেকে বড় কোনো আগুনের শিখা দেখা না গেলেও পুরো ভবন ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ৪টি অগ্নিনির্বাপক ইঞ্জিন, নিউ মার্কেট থানা পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা অচেতন অবস্থাসহ মোট ৬০ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি