আজ সড়কে নামছে মহিলা বাস, চালাবেন নারীরাই
প্রকাশিত : ১০:১২, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:২৪, ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’সার্ভিস চালু হচ্ছে আজ।
মঙ্গলবার (১৮ আগস্ট)। রাজধানীর পাশাপাশি চট্টগ্রামেও এই বিশেষ বাস সার্ভিস চালু হবে। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
আজ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস’সার্ভিসের উদ্বোধন করা হবে। সোমবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত পিংক কালারের ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হকও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।
বিআরটিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।
রাজধানীর পাশাপাশি চট্টগ্রামেও আজ থেকে বিশেষ ‘মহিলা বাস’সার্ভিস চালু হবে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় দুটি বাস দিয়ে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা এলাকা পর্যন্ত চলাচল করবে।
আরও পড়ুন










