ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬

বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগ পত্র জমা দেন তারা।

পদত্যাগ করা চার কমিশনার হলেন– মু. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন।

এর আগে আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হবে বলে ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২ জুন) রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

এ ঘোষণার পর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করলেন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পান। কমিশনার হিসেবে একই বছরের ২ জুন মু. মোহসীন চৌধুরী, ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ নিয়োগ পান। সবশেষ ২০২৫ সালের ২৯ জুলাই কমিশনার হন মো. সাইফুদ্দিন।

এদিকে, চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগের খবরে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক বিনিয়োগকারী এ ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং নতুন নেতৃত্বের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করছেন।

উল্লেখ্য, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে কর্মবিরতিসহ আন্দোলন করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। অপরদিকে সাধারণ বিনিয়োগকারীরা তার পদত্যাগের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি