ঢাকা, রবিবার   ০২ আগস্ট ২০২৬

থাইল্যান্ডে আইএসটিএএফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আইএসটিএএফ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (৩৯তম থাই কিংস কাপ-২০২৬)-এ অংশ নিতে যাচ্ছে ৪০ সদস্যের বাংলাদেশ সেপাক টাকরো দল। 

আজ রোববার (২ আগস্ট) থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ থেকে ১১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রিমিয়ার ডিভিশনের খেলায় অংশ গ্রহণ করবে বাংলাদেশের পুরুষ ও মহিলা-উভয় দল। 

দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল এহসান। পুরুষ দলের ম্যানেজার এ কে এম মাহবুবুর রহমান এবং মহিলা দলের ম্যানেজার ও আইএসটিএএফের নির্বাহী সদস্য মোহাম্মদ ফারুক ঢালী। এছাড়া কর্মকর্তা, প্রশিক্ষক, রেফারি ও ৩০ জন খেলোয়াড় নিয়ে বাংলাদেশ দল প্রতিযোগিতায় অংশ নেবে।

দলকে বিদায় জানাতে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান খোকন খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। তিনি আন্তর্জাতিক আসরে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে খেলার আহ্বান জানান এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।

বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ঢালী ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা জাতীয় দলের সাফল্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন।

দলটি আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিএস-২১৭ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে এবং প্রতিযোগিতা শেষে ১২ আগস্ট বিএস-২১৮ ফ্লাইটে দেশে ফিরবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি