ঢাকা, শুক্রবার   ২১ আগস্ট ২০২৬

রিহ্যাব পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৭, ২০ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। 
আদেশে বলা হয়, রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১ শাখা) মো. আব্দুল মালেককে। আর সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মোহাম্মদ আব্দুস সাদেক।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কমিটিকে নির্ধারিত অভিযোগগুলো তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

রিহ্যাব দেশের আবাসন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠন। সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ উঠেছে এবং তদন্তে সেগুলোর সত্যতা কতটা পাওয়া যায়, তা প্রতিবেদনেই উঠে আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে অভিযোগগুলোর বিষয়ে একটি নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক তদন্তের পথ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য গত ২৬ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন। এতে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয়ে অভিযোগ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি