ঢাকা, সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬

আলী আফজাল হোসেনের রিহ্যাব সভাপতি পদ শূন্য ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রিয়েল এস্টেট হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)’র সভাপতি মো. আলী আফজাল হোসেনের সভাপতি পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপী হওয়ায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ধারা ২৩(১)(খ) অনুযায়ী তার সভাপতি পদ শূন্য হিসেবে ঘোষণা করা হলো।

রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য গত ২৬ জুলাই বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন। এতে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি বিষয়ে অভিযোগ করা হয়।

রিহ্যাবের বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। 

গত ২২ এপ্রিল আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দায়িত্ব নেন নতুন সভাপতি আলী আফজালের নেতৃত্বাধীন নতুন পরিচালনা পর্ষদ। গতকাল মঙ্গলবার রাতে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয় তারা। 

এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও ৬ জন সহসভাপতি এবং ২২ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ সভাপতির পাশাপাশি ৪টি সহসভাপতি ও ১০ পরিচালকসহ মোট ১৫ পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ২টি সহসভাপতি ও ১২ পরিচালকসহ মোট ১৪ পদে জয়ী হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি