ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

হরমুজ ইস্যুতে হস্তক্ষেপ করলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ১৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথে যেকোনো ধরনের হস্তক্ষেপর চেষ্টা করা হলে ওমানে বোমা হামলা চালানো হবে বলে বারবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই ক্রমাগত হুমকির বিষয়ে এখন পর্যন্ত ওমান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছেন যে, এই সংঘাত ও সামরিক তৎপরতার প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে চিরতরে বিরত রাখা।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (UKMTO)-র দেওয়া তথ্যমতে, মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজ "অজ্ঞাত কোনো প্রজেক্টাইল" বা প্রক্ষেপণ বস্তুর আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে এই ঘটনায় জাহাজের একজন নাবিক হতাহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সমুদ্রপথে তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

চলমান সংঘাত ও উত্তেজনা অবসানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছাতে নির্ধারিত ৬০ দিনের যে সময়সীমা ছিল, তা সোমবার শেষ হয়েছে। তবে চুক্তি সম্পাদন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিষয়টিতে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না।

এ ছাড়া ট্রাম্প দাবি করেছেন যে, তার প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের 'ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর' (আইআরজিসি)-এর সাথে একটি গোপন যোগাযোগ ব্যবস্থা বা 'ব্যাকচ্যানেল' স্থাপন করতে সক্ষম হয়েছে। যদিও আইআরজিসির পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি শুরুতেই সরাসরি অস্বীকার করা হয়েছে।

সূত্র: সিএনএন 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি