ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন এশিয়ান গেমসের পরেই তিনি এই সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। এরই মধ্যে নিজের এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন জ্যোতি। 

টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে যথারীতি দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। জাপান থেকে মুঠোফোন বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জ্যোতি। মূলত নিজের ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তাঁর এই একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। 

২০২২ সালে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়ার পর জ্যোতির নেতৃত্বে দল বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য পায়। যার মধ্যে অন্যতম ছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই আসরে চার ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসাল নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।

এছাড়া ২০২৬ সালের শুরুতে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।তবে এই সংস্করণে তাঁর অধিনায়কত্বের সময়টা সবসময় মসৃণ ছিল না। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার, ত্রিদেশীয় সিরিজে মিশ্র ফল এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় সব মিলিয়ে তাঁর নেতৃত্ব নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল।

সবশেষ এশিয়া কাপেও গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও সেমিফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। আসন্ন এশিয়ান গেমস হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে জ্যোতির শেষ অ্যাসাইনমেন্ট। এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ৮০টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যার মধ্যে ৩২টিতে জয় এবং ৪৭টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে দলকে। এবার শেষ অ্যাসাইনমেন্টে তিনি দলকে কতটা রাঙাতে পারেন, সেটাই দেখার বিষয়।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি