ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৪৩, ১৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন।

খানের আইনজীবী উজাইর ভান্ডারি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার তদারকির জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে, যাতে তাঁর বোন ডা. উজমা খান এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতান অন্তর্ভুক্ত থাকবেন। 

এ ছাড়া হাসপাতালে পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং বিদেশে অবস্থানরত ছেলেদের সাথে কথা বলারও অনুমতি দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করবেন, যা ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তারের পর কারাগারের বাইরে তাঁর দীর্ঘতম অবস্থান হতে যাচ্ছে।

আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের জমা দেওয়া প্রতিবেদনে জানা যায়, ১০ আগস্টের কার্ডিয়াক বোর্ডের পর্যালোচনায় ৭৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর রক্তচাপের ওঠানামা ও স্বাস্থ্যঝুঁকির তথ্য উঠে আসে। শুনানিকালে আদালত অ্যাডভোকেট জেনারেলের কাছে প্রতিবেদনে উল্লিখিত অসংগতি নিয়ে প্রশ্ন তোলেন এবং পর্যবেক্ষণ দেন যে, খানের হৃদযন্ত্রের অবস্থা স্বাভাবিক ছিল না এবং তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছিল।

এর আগে গত ফেব্রুয়ারি থেকে ইসলামাবাদ হাইকোর্টসহ একাধিক আদালত দুবার এ ধরনের স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান করে কেবল কারাগারেই স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন।

সুপ্রিম কোর্টের এই আদেশকে নিজেদের দীর্ঘদিনের লড়াইয়ের জয় হিসেবে দেখছে পিটিআই। দলের জ্যেষ্ঠ নেতা জুলফি বুখারি বলেন, এই নির্দেশ প্রমাণ করে যে কারাগারের সাধারণ ব্যবস্থা ইমরান খানের জন্য যথেষ্ট ছিল না এবং তাঁর জন্য স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে চিকিৎসাসেবা জরুরি ছিল।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে রানা সানাউল্লাহ দাবি করেন যে খান কারাগারে সর্বোত্তম চিকিৎসাসেবা পাচ্ছিলেন। তবে ইমরান খানের সাথে সাক্ষাৎ ও চিকিৎসার এই অধিকার ইস্যুটিকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যকার রাজনৈতিক অচলাবস্থা আরও ঘনীভূত হয়েছে। এর মধ্যেই পিটিআই আগামী ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সূত্র: আল জাজিরা 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি