ঢাকা, বুধবার   ২৪ জুন ২০২৬

ঘানার রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড, পয়েন্ট ভাগাভাগি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

বল দখল ও একের পর আক্রমণ করেও ঘানার রক্ষণ ভাঙতে পারেনি ইংল্যান্ড। দুর্দান্ত প্রতিরোধে হ্যারি কেইন-বেলিংহ্যামদের বঞ্চিত করেছে ঘানা। শেষ পর্যন্ত মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয় আফ্রিকার দলটি। 

মঙ্গলবার বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

ম্যাচের শুরু থেকেই নিজেদের ছন্দ খুঁজে পেতে হিমশিম খেতে থাকে ইংল্যান্ড। প্রথমার্ধে তারা উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। অন্যদিকে ঘানা রক্ষণে ছিল সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ। ফলে বিরতিতে যাওয়ার আগে কোনো দলই জালের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইংল্যান্ড। গোলের খোঁজে একের পর এক আক্রমণ চালালেও ঘানার রক্ষণভাগ এবং গোলরক্ষক দুর্দান্ত নৈপুণ্য দেখান। বেশ কয়েকটি সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় ‘থ্রি লায়ন্স’রা।

ম্যাচের ৮৬ মিনিটে বুকায়ো সাকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। এই আক্রমণে বল একবার লাগে পোস্টে। ফিরতি বলে জোরালো শট নেন হ্যারি কেইন। তবে তা চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। 

রক্ষণে ঘানার দৃঢ়তা এবং ইংল্যান্ডের সুযোগ নষ্টের কারণে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। 

এই ড্রয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেলেও শেষ ৩২ নিশ্চিত করতে ইংল্যান্ডকে এখন পরবর্তী ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট আদায় করে আত্মবিশ্বাস বাড়াল ঘানা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি