নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউট পর্বে ব্রাজিল
প্রকাশিত : ০৮:৫৮, ২৫ জুন ২০২৬
নেইমার জুনিয়রের প্রত্যাবর্তনের ম্যাচটি রাঙিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। ভিনির জোড়া ও কুনহার গোলে ভর করে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে উঠল ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধেই দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে ছিল স্কটল্যান্ড। বিরতির পর তারা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায়। উল্টো আরও এক গোল খেয়ে বসে দলটি।
ম্যাচের মাত্র সাত মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ড সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার দুর্বলতায় সুযোগটা বলতে গেলে উপহার হিসেবেই তিনি পেয়েছিলেন। স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে কাটিয়ে যা ঠাণ্ডা মাথায় তিনি জালে জড়ান।
২২ মিনিট আরেকটি গোল করেছিলেন ভিনি। গোল করার পর কর্নারের ফ্ল্যাগ হাতে সাম্বা ড্যান্সে মাতলেন তিনি। কিন্তু নাচ শেষ করতেই শুনতে পেলেন বাতিল হতে পারে তার দ্বিতীয় গোলটি। ভিএআরে দেখার পর রেফারিও তাই করলেন। মনিটরে দেখে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি করলেন বাতিল। তাতে আনন্দটা মাটি হয়ে যায় তার।
বল পাওয়ার আগে ভিনির পা সামনে থাকলে জ্যাক হেনড্রি ভারসাম্য হারালে সেই সুযোগ কাজে লাগান তিনি। কিন্তু ভিএআরে সেটাকেই ফাউল ধরে। এ নিয়ে তাই বিতর্ক থেকেই গেল।
বিরতিতে যাওয়ার আগে লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাজিল। ভিনির পাস থেকে বলকে জালের পথ দেখানোর চেষ্টা করেছিলেন ম্যাথিউস কুনহা। তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে জালে যাওয়ার আগে গোলরক্ষকের পায়ে লেগে বাইরে যায়।
তবে যোগ করা সময়ে ঠিকই ২-০ লিড নিয়েছে ব্রাজিল। এবারের গোলের নায়কও ভিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সতীর্থ ব্রুনো গুইমারেসের ক্রসে শুধু ফাঁকা জালে হেড নিতে হয়েছে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে। চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ গোল পেলেন ভিনি। এরপর নাচলেন কর্নার ফ্ল্যাগ ধরে।
বিরতির পর ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। তবে ৪৮ মিনিটে নেওয়া স্কট ম্যাকটমিনির হেড সরাসরি গোলরক্ষক অ্যালিসন বেকারের হাতে যায়।
অন্যদিকে ৫১ মিনিটে হ্যাটট্রিকের দারুণ সুযোগ পেয়েছিলেন ভিনি। তবে বলটা ঠিক মতো প্লেসমেন্ট করতে না পারায় পা দিয়ে সেভ দেন গোলরক্ষক অ্যাঙ্গাস। ৬০ মিনিটে অবশ্য তাকে ঠিকই পরাস্ত করলেন কুনহা। ব্রাজিলের তৃতীয় গোল করার পর তার ট্রেডমার্ক ড্যান্স দিলেন তিনি। সার্ফিংয়ের মতো করে।
৬৪ মিনিটে আরেকবার হতাশ হলেন ম্যাকটমিনি। এবার দারুণ এক হেড নিয়েছিলেন তিনি। কিন্তু গোললাইন অতিক্রম করার আগে ডান দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য সেভ দিলেন বেকার।
অন্যদিকে ৭৬ মিনিটে নেইমারের মাঠে নামার অপেক্ষা ফুরাল। ২০২৩ সালের অক্টোবরের পর আজ প্রথমবার ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন সুপারস্টার। সান্তোস ফরোয়ার্ড মাঠে নামতেই উল্লাসে ফেটে পড়ে পুরো মায়ামি স্টেডিয়াম।
৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম হ্যাটট্রিক করার আরেকটি সুযোগ পেয়েছিলেন ভিনি। কিন্তু তার শটে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক অ্যাঙ্গাস। আবার ৮১ মিনিটে জটলার মধ্যে থেকে পাটা ঠিক মতো লাগালেও পেতে পারতেন হ্যাটট্রিকটি।
বিপরীতে শেষ মুহূর্তে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। কিন্তু বেকার দেওয়াল টপকাতে পারেনি তারা। এতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
আজকের জয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন ব্রাজিল। সমান পয়েন্ট মরক্কোর হলেও তারা গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়েছে। বিপরীতে স্কটল্যান্ডের পয়েন্ট ৩। অন্যদিকে কোনো পয়েন্টই পায়নি হাইতি।
এএইচ










