ঢাকা, শুক্রবার   ১৯ জুন ২০২৬

গোলের পর কেন কাঁদলেন মেসি? জানালেন নিজেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

চলতি ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দাপটের জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আসরে প্রথমবার হ্যাটটিকের দেখা পেলেন লিওনেল মেসি। প্রথম গোলের পর আর্জেন্টাইন অধিনায়ককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। 

গোল করার পরই কান্নায় ভেঙে পড়েন মেসি। অনেকেই ভেবেছিলেন, হয়তো বিশ্বকাপের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত তাকে আবেগতাড়িত করেছে। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি জানালেন, বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়।

সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি খেলাধুলার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় ছিল না। আমি কিছু কঠিন এবং জটিল সময়ের মধ্য দিয়ে গিয়েছি।’

তবে বিস্তারিত কিছু বলতে চাননি ৩৮ বছর বয়সী এই মহাতারকা। বরং কঠিন সময়ে পাশে থাকার জন্য সতীর্থ এবং পুরো আর্জেন্টিনা দলের স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেসি বলেন, ‘আমি পুরো দলের প্রতিনিধি দল এবং আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ। তারা অনেক চেষ্টা করেছে যেন আমি ভালো থাকি।’

নিজের পারফরম্যান্স নিয়েও কথা বলেন মেসি। ক্যারিয়ারের এই পর্যায়কে তিনি বলেছেন সব কিছুর ওপর পাওয়া পুরস্কার। তার ভাষায়, ‘এতকিছু পার করে এখন যা পাচ্ছি, সেটা যেন চেরি আইসিং অন দ্য কেক! আমি খুব খুশি ও কৃতজ্ঞ এই অসাধারণ দলের জন্য। খুব উপভোগ করছি সবকিছু।’

ব্যক্তিগত আবেগের সেই মুহূর্তের পর আলজেরিয়ার বিপক্ষে আরও ২ গোল করে বিশ্বকাপ ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে তুলেছেন তিনি।

ম্যাচে নামার আগে বিশ্বকাপে তার গোল ছিল ১৩টি। হ্যাটট্রিকের সুবাদে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৬। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই কীর্তির মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন গার্ড মুলার, রোনালদো নাজারিও এবং কিলিয়ান এমবাপের মতো কিংবদন্তি ও বর্তমান তারকাদের। তবে ব্যক্তিগত অর্জন নিয়ে উচ্ছ্বাস দেখানোর মানুষ কখনোই ছিলেন না মেসি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করার পরও তার প্রতিক্রিয়া ছিল বিনয়ী।

মেসি বলেন, ‘ওই জায়গায় থাকতে পারাটা অবশ্যই সম্মানের। কারণ এর গুরুত্ব অনেক। ক্লোসে এবং যারা সেখানে আছেন, তাদের পাশে থাকা বিশেষ কিছু। তবে শেষ পর্যন্ত এগুলো শুধু পরিসংখ্যান, এর বেশি কিছু নয়।’

এরপর ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর প্রসঙ্গ টেনে মেসি বলেন, ‘আমি যতটুকু দেখেছি, রোনালদো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু তিনি তো তালিকার এক নম্বরে নেই। তাই এসব পরিসংখ্যান সবকিছু নয়।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি