ঢাকা, রবিবার   ২৩ আগস্ট ২০২৬

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে রিহ্যাবের অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ২৩ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম।

এক অভিনন্দন বার্তায় কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জীবনের অভিজ্ঞতা এবং দেশ ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তাসনোভা মাহবুব সালাম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অত্যন্ত যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তি। তাঁর প্রজ্ঞা, নেতৃত্বের অভিজ্ঞতা এবং দেশপ্রেম বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। 

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে আবাসন খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবাসন খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান জড়িত। 

তাসনোভা মাহবুব সালাম বলেন, এ খাতের উন্নয়নের মাধ্যমে অর্থনীতিতে গতি সঞ্চার, কর্মসংস্থান বৃদ্ধি এবং মানুষের মৌলিক আবাসন চাহিদা পূরণ সম্ভব। মহামান্য রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষকে সঙ্গে নিয়ে আবাসন খাতের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলোকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং একটি পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন—রিহ্যাব এমন প্রত্যাশা করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি