ঢাকা, রবিবার   ১৪ জুন ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশকে ১৪০ রানের লক্ষ্য দিল নেদারল্যান্ডস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১৯:১১, ১৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লাল-সবুজ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে নেদারল্যান্ডস। ফলে বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করতে বাংলাদেশের প্রয়োজন ১৪০ রান।

রোববার (১৪ জুন) বিকালে ইংল্যান্ডের বার্মিংহামে বোলিংয়ে নেমে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মারুফা আক্তার। ডাচদের দলীয় ১৪ রানে ফিবি মোলকেনবোয়ারকে ফেরান মারুফা। দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন ফারিহা তৃষ্ণা। তিনি ফেরান ১৬ রান করা আরেক ওপেনার হেদার সিজারসকে।

এরপর ডাচদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার স্টেয়ার ক্যালিসকে মাত্র ৪ রানে সাজঘরে ফেরান স্পিনার রাবেয়া খান। পরে রবিন রিজেকে এবং সানিয়া খুরানাকে যথাক্রমে দলীয় ৭১ এবং ৭৬ রানে হারায় নেদারল্যান্ডস।

তবে এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে ব্যাটিং করছিলেন ডাচ অধিনায়ক বারবেট ডি লিড। বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে ফিফটি তুলে নেন ডি লিড। ৪৫ বলে ৫০ রান করে রান আউট হয়ে ফেরেন তিনি।

এরপর আর কেউ তেমন রান করতে পারেননি। নবম উইকেটে সিলভার সিজারস এবং ইরিস জুইলিংয়ের ২৩ রানের জুটিতে ১৩৯ রানে থামে ডাচরা।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন মারুফা। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি